ডিজেল নিয়ে বিধিনিষেধ প্রত্যাহার, স্বস্তির নিঃশ্বাস কৃষক ও জরুরি পরিষেবা খাতের!
কলকাতা: রাজ্যের সাধারণ মানুষ, কৃষক ও জরুরি পরিষেবার ভোগান্তি কমাতে পেট্রোল পাম্প থেকে ডিজেল বিক্রির ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নিল রাজ্য সরকার। এতদিন কন্টেইনার বা ব্যারেলে ডিজেল সংগ্রহের ক্ষেত্রে যে কড়াকড়ি ছিল, তা এখন শিথিল করা হয়েছে। এর ফলে স্বাস্থ্যসেবা, কৃষি, খাদ্য সরবরাহ এবং চা বাগানের মতো ক্ষেত্রগুলো আর জ্বালানি সংকটের মুখে পড়বে না।
নতুন এই সিদ্ধান্তের ফলে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ক্ষেত্রগুলোকে ডিজেল ক্রয়ের বিধিনিষেধ থেকে পুরোপুরি মুক্ত করা হয়েছে। এখন থেকে সংশ্লিষ্ট গ্রাহকরা কন্টেইনার বা ব্যারেলে অনায়াসেই ডিজেল সংগ্রহ করতে পারবেন এবং জ্বালানি সংগ্রহের ওপর আগের বেঁধে দেওয়া সর্বাধিক সীমাও আর কার্যকর থাকবে না। পাম্প থেকে ডিজেল পাওয়ার জন্য গ্রাহকদের শুধুমাত্র প্রাথমিক পরিচয়ের নথিপত্র দেখাতে হবে। রাজ্যের অর্থনীতি ও জরুরি পরিষেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য খাদ্যদপ্তর।