খুনিদের পাতাল থেকেও খুঁজে আনার হুঁশিয়ারি, বাগনানে নিহত কর্মীর বাড়িতে শুভেন্দু!
বাগনানে নিহত বিজেপি কর্মী প্রশান্ত দে-র পরিবারের সঙ্গে দেখা করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে নিহতের বাড়িতে গিয়ে তিনি জানান, প্রয়োজনে পাতাল থেকে খুঁজে বের করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা রুখতে তিনি দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, শোকসন্তপ্ত পরিবারকে সবরকম আর্থিক ও মানসিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ১৭ জুন রাতে বাগনানের বাঁটুল গ্রামে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে বুথ সহ-সভাপতি প্রশান্ত দে-র ওপর লাঠি ও রড নিয়ে অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে তৃণমূলের উপপ্রধান মফিজুল রহমানসহ মূল অভিযুক্তরা পলাতক। দীর্ঘদিনের রাজনৈতিক শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে এবং ৫১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত চার্জশিট গঠন করে বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।