রবিবার ১২ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, জেনে নিন আপনার বিকল্প পথ!
আগামীকাল ২৮ জুন, রবিবার জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু) দিয়ে সব ধরনের যান চলাচল ১২ ঘণ্টা বন্ধ থাকবে। কলকাতা পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী, ওই দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি) জানিয়েছে, সেতুর ‘স্টে অ্যান্ড হোল্ডিং-ডাউন ক্যাবল’ ও বিয়ারিং পরিবর্তনের মতো জটিল ও সূক্ষ্ম কাজ পরিচালনার সময় কম্পন এড়াতে নিরাপত্তার স্বার্থে এই মেগা ব্লক নেওয়া হয়েছে।
সেতু বন্ধ থাকায় যানজট সামলাতে বিকল্প রুটের নির্দেশ দিয়েছে ট্রাফিক পুলিশ। এজেসি বোস রোড, কে পি রোড ও খিদিরপুর থেকে আসা গাড়িগুলোকে হেস্টিংস ক্রসিং, স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এ ছাড়া কে পি রোডের গাড়িগুলোকে ওয়াই-পয়েন্ট থেকে রেড রোডের দিকে পাঠানো হবে। এই পরিবর্তনের ফলে হাওড়া ব্রিজ ও বালি ব্রিজে গাড়ির চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির প্রয়োজনে ট্রাফিক পুলিশ শহরের অন্যান্য সংযোগকারী রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনাও রেখেছে।