তৃণমূলের টালমাটাল অবস্থা, বিকল্পের সন্ধানে কি ফের ঘুরে দাঁড়াচ্ছে সিপিএম?
রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা অস্থিরতার সুযোগ নিয়ে প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে নতুন রণকৌশল নিচ্ছে সিপিএম। আগামী ৩০ ও ৩১ আগস্ট নদিয়ার কল্যাণীতে দলের একটি বিশেষ বর্ধিত অধিবেশন ডাকা হয়েছে। এই অধিবেশনে পলিটব্যুরোর শীর্ষ নেতাসহ কেন্দ্রীয় স্তরের নেতারা উপস্থিত থাকবেন। বিধানসভা ভোটে প্রত্যাশিত সাফল্য না মেলায় সাংগঠনিক ত্রুটির চুলচেরা বিশ্লেষণের পাশাপাশি, ডোমকুলে বিধায়ক মুস্তাফিজুর রহমান রানার জয় এবং ফলতা উপনির্বাচনে দলের দ্বিতীয় স্থানে উঠে আসাকে ইতিবাচক হিসেবে দেখছে নেতৃত্ব।
আগামী দিনের আন্দোলনের রূপরেখা হিসেবে সরকার বিরোধী অতি-আগ্রাসী পদক্ষেপের পরিবর্তে পরিস্থিতি পর্যবেক্ষণের ওপর জোর দিচ্ছে দল। সংগঠনকে মজবুত করতে ইতিমধ্যে রাজ্য কমিটিতে মেঘনাথ ভূঁইয়া, ধ্রুবজ্যোতি চক্রবর্তী এবং মোনালিসা সিনহার মতো নতুন মুখদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি, আগামী ১০ আগস্ট বিতর্কিত শ্রম কোড বাতিল ও নাগরিক পরিষেবার দাবিতে কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে বামেরা। সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি রুখে দেওয়া এবং তৃণমূলের ভোট ব্যাংক থেকে বেরিয়ে যাওয়া সাধারণ মানুষ ও সংখ্যালঘুদের পুনরায় নিজেদের দিকে টানা এখন সিপিএমের মূল লক্ষ্য।