পুরসভার ক্যান্টিন কর্মীদের ফাইল আটকে কাটমানি চাইতেন কালী!
তারাতলা কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় ওরফে কালীর বিরুদ্ধে নতুন দুর্নীতির অভিযোগ উঠেছে। পুরসভার ক্যান্টিনে কর্মরত ২৭ জন কর্মীর বেতন বৃদ্ধির অনুমোদিত ফাইল আটকে রেখে তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন খোদ কর্মীরাই। অভিযোগ, অনুমোদনের পরেও ফাইল নিজের কাছে আটকে রেখে কালী কর্মীদের কাছে প্রশ্ন তুলতেন যে, তাঁদের বেতন বৃদ্ধি হলে তাঁর নিজের কী লাভ হবে। ফাইল সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে কর্মীদের অপমান করে কক্ষ থেকে বের করে দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ইতিমধ্যে তারাতলা গোডাউন বিপর্যয়ের তদন্তে নেমে সিট কালীচরণকে গ্রেপ্তার করেছে। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তাঁর অসীম ক্ষমতার কথা উল্লেখ করে অভিযোগ করেছিলেন যে, শহরের সব ধরনের বিল্ডিংয়ের অনুমোদন তাঁর ইশারায় চলত। পুরসভার অন্দরে প্রভাবশালী এই আধিকারিকের ক্ষমতার অপব্যবহারের নজিরগুলো সামনে আসায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে কর্মীদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত রাখার পাশাপাশি এই ঘটনার ফলে পুরসভার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে।