ফিরহাদকে গ্রেফতারের দাবি, এবার কলম ধরলেন কল্যাণ!

কলকাতা: তারাতলা গোডাউন ধস ও দুর্নীতির অভিযোগে ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পর রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনার রেশ ধরে এবার নাম না করে কলকাতার প্রাক্তন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, শুধুমাত্র ওএসডি-কে গ্রেফতার করলেই হবে না, দুর্নীতির নেপথ্যে থাকা মূল হোতা অর্থাৎ ‘দোয়াত ও পেন’ বা যার সই ও নির্দেশে বেআইনি কাজ হয়েছে, তাঁকেও আইনের আওতায় আনা উচিত।

ফিরহাদ হাকিমের পাশাপাশি তৃণমূল বিধায়ক জাভেদ খান ও নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও চাঁচাছোলা আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, জাভেদ খান গরিব মুসলিমদের থেকে টাকা আত্মসাৎ ও অবৈধ নির্মাণ করেছেন। তাঁকে কেন গ্রেফতার করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলে কল্যাণ বলেন, অভিযুক্তদের গ্রেফতার করতে পারলেই প্রকৃত রাজধর্ম পালন হবে। এছাড়া তিনি দলের অন্দরে সক্রিয় থাকা ‘বি-টিম’ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে ফায়দা লুটতে থাকা নেতাদের চিহ্নিত করারও আহ্বান জানান। উল্লেখ্য, এর আগে কুণাল ঘোষও তারাতলা কাণ্ডে প্রাক্তন মেয়রের দায় থাকলে তাঁর গ্রেফতারির দাবি জানিয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *