খড়্গপুরে ট্রলিভর্তি কোটি টাকা! রহস্যময় ঘটনায় তোলপাড় স্বর্ণশিল্পী!
খড়্গপুর স্টেশনে ৯৮ লক্ষ ৫০ হাজার টাকাসহ আটক এক, তদন্তে আয়কর বিভাগ
খড়্গপুর স্টেশনে বিপুল পরিমাণ নগদ অর্থসহ শান্তিনাথ কোটাল নামে বরাহনগরের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ফলকনুমা এক্সপ্রেস থেকে নেমে প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাঁকে আটক করা হয়। ধৃতের ব্যাগ তল্লাশি করে ৯ লক্ষ ২০ হাজার টাকা এবং একটি ট্রলি ব্যাগ থেকে ৮৯ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও তাঁর কাছ থেকে দুটি দামি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধারের মোট টাকার পরিমাণ ৯৮ লক্ষ ৫০ হাজার টাকা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত ব্যক্তি ওড়িশার কটকে সোনার কারিগর হিসেবে কাজ করতেন এবং কটক থেকে হাওড়াগামী ট্রেনে করে তিনি যাচ্ছিলেন। শনিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই বিপুল পরিমাণ টাকার উৎস এবং কেন এভাবে তা পরিবহন করা হচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আয়কর বিভাগ। বর্তমানে পুলিশ হেফাজতে রেখে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।