UCC লাগু হলে কি লিভ-ইন রিলেশনশিপে নথিভুক্তিকরণ বাধ্যতামূলক?
পশ্চিমবঙ্গ বিধানসভায় সোমবার অভিন্ন দেওয়ানি বিধি (UCC) বিল পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিল কার্যকর হলে পারিবারিক আইন, বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও সম্পত্তি সংক্রান্ত নিয়মাবলীতে বড় ধরনের পরিবর্তন আসবে, যেখানে ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে দেশের সকল নাগরিকের জন্য একটিই আইন প্রযোজ্য হবে। বিধানসভার কার্যবিবরণী কমিটির বৈঠকে এই বিল পেশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিলটি কার্যকর হলে ‘লিভ-ইন রিলেশনশিপ’-এর ক্ষেত্রে নতুন কড়াকড়ি আরোপ হতে পারে। উত্তরাখণ্ডের ইউসিসি আইনের আদলে সম্ভাব্য নিয়ম অনুযায়ী, লিভ-ইন সম্পর্কে জড়ানোর ৩০ দিনের মধ্যে তা সরকারিভাবে নথিভুক্ত করা বাধ্যতামূলক হতে পারে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই রেজিস্ট্রেশন না করালে তিন মাস পর্যন্ত কারাদণ্ড বা ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হতে পারে। তবে বর্তমানে বিলটি খসড়া বা জল্পনার স্তরে রয়েছে এবং বিধানসভায় পাশ হওয়ার পরেই এর চূড়ান্ত রূপরেখা ও নিয়মাবলী স্পষ্ট হবে।