মাদকের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ৪ জন পেলেন চূড়ান্ত মুক্তি!
মাদক উদ্ধার মামলায় পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগে চার ব্যক্তির ১০ বছরের কারাদণ্ডের সাজা বাতিল করল কলকাতা হাইকোর্ট। ২০২১ সালের ২৩ মে নদিয়ার নাকাশিপাড়ায় ৫২৫ কেজি মাদক উদ্ধারের ঘটনায় কৃষ্ণনগর জেলা আদালত সমীর দাস, জহিরুদ্দিন শেখ, গোপাল দাস এবং বিজয় বিশ্বাসকে কারাদণ্ড দিয়েছিল। তবে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ এই রায় খারিজ করে অভিযুক্তদের অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে।
আদালত জানিয়েছে, মাদক বাজেয়াপ্ত করার সময় আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ভিডিওগ্রাফি করা হয়নি, যা অত্যন্ত আশ্চর্যজনক। এছাড়া, উদ্ধার হওয়া মাদকের ওজনেও বড়সড় অসংগতি ধরা পড়েছে; নথিতে ৫৪৯ কেজি ওজন দেখানো হলেও উদ্ধারের দাবিতে বলা হয়েছিল ৫২৫ কেজি। আর্দ্রতার কারণে ওজন বাড়ার যুক্তিও আদালত গ্রহণ করেনি। পাশাপাশি, তদন্তকারী দলের সদস্যদের নিজেদেরই মামলার সাক্ষী হিসেবে উপস্থাপন করায় তাদের সাক্ষ্য গ্রহণের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চ এবং নিরপেক্ষ সাক্ষীর অভাব ও নথিপত্রের অসংগতির কারণে মামলাটিকে ভিত্তিহীন বলে গণ্য করেছে।