কল্যাণী আইটিআই মোড়ের পুজোয় বড় চমক, হঠাৎই সরে দাঁড়াল লুমিনাস ক্লাব!
কল্যাণী আইটিআই মোড়ের ৩৪তম বর্ষের দুর্গাপুজো থেকে সরে দাঁড়াল লুমিনাস ক্লাব। সাম্প্রতিক বছরগুলোতে বিশাল মণ্ডপ ও অভিনব ভাবনার জন্য কলকাতার বড় পুজোগুলিকে টেক্কা দেওয়া এই ক্লাবটি এবারের আয়োজকের তালিকা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। তবে উৎসব বন্ধ হচ্ছে না জানিয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুরনো ঐতিহ্য মেনে এবারের পুজোয় মূল দায়িত্বে থাকছে কল্যাণী ব্যবসায়ী সমিতি ও স্থানীয় বাসিন্দারা।
লুমিনাস ক্লাবের সরে দাঁড়ানোর পাশাপাশি এবার পুজোয় এক বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। আয়োজকরা জানিয়েছেন, এবারের পুজোটি রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে ও সাধারণ মানুষের উৎসব হিসেবে উদযাপন করা হবে। বিগত বছরগুলোতে শাসকদলের নেতাদের সক্রিয় উপস্থিতি ও রাজনৈতিক প্রভাব থাকলেও, এবার সেই ধারণা থেকে বেরিয়ে এসে পুজোর আদি সার্বজনীন রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এবারের পুজোর থিম ও পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রকাশ্যে আনা হবে।