মহরমের মিছিলে বিষ প্রয়োগের ছক! মুম্বইয়ে ১৫ হাজার বিষের ক্যাপসুলসহ ধৃত এক
মহরমের মিছিলে বিষ প্রয়োগের মাধ্যমে বড় ধরনের নাশকতার ছক বানচাল করেছে মুম্বই পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শহরের জেজে (JJ) এবং বাইকুল্লা এলাকায় অভিযান চালিয়ে ফায়াজ প্রেমজি নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুনের বিমান নগর এলাকার বাসিন্দা এই ব্যক্তির কাছ থেকে প্রায় ১৪,৯০০টি ইঁদুর মারার বিষ (জিঙ্ক ফসফাইড) ভর্তি ক্যাপসুল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি ডোংরির একটি গেস্ট হাউসে ডেরা বেঁধে এই বিপুল পরিমাণ বিষ সংগ্রহ করেছিল এবং মহরমের মিছিলে তা বিতরণের পরিকল্পনা ছিল তার।
তদন্তে জানা গেছে, ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে ফায়াজ একাধিকবার ইরান ও ইরাক সফর করেছে, যার মধ্যে গত এক বছরে সে ১৯ বার ওই দেশগুলোতে গিয়েছিল। ধৃতের পরিবারের সদস্যরাও বর্তমানে ইরানে অবস্থান করছেন। এই ঘনঘন বিদেশ সফরের প্রকৃত উদ্দেশ্য ও আর্থিক লেনদেনের উৎস খতিয়ে দেখছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১০৯, ১১০ এবং ১২৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মোট ৩০ হাজার ক্যাপসুল তৈরির পরিকল্পনা করেছিল বলে পুলিশের দাবি। এটি একক কোনো ঘটনা নাকি এর পেছনে কোনো বৃহত্তর জঙ্গি বা অপরাধী চক্র রয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।