চোখের চিকিৎসায় বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, মিলল কি হাইকোর্টের ছাড়পত্র?
চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে
চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আবেদন জানিয়েছিলেন, তার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে এই আবেদন জানানো হয়েছিল। জুলাই-আগস্ট মাসে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর পরিকল্পনা রয়েছে অভিষেকের। তবে আদালত বিষয়টি একেবারে খারিজ না করে আগামী সোমবার এই মামলার বিষয়ে পুনরায় দৃষ্টি আকর্ষণ করার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের সময় ‘ডিজে বাজানো’ সংক্রান্ত একটি মন্তব্যের জেরে অভিষেকের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। সেই মামলায় আইনি রক্ষাকবচ পাওয়ার সময় আদালত তাঁর বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। বর্তমানে সেই পুরনো শর্ত শিথিল করার আবেদন নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেতা। এখন সোমবারের শুনানির ওপরই নির্ভর করছে তাঁর বিদেশযাত্রার বিষয়টি।