মেসির সঙ্গে সেলফি বিতর্ক, জুঁই বিশ্বাসের বিরুদ্ধে ১০ কোটির মামলা দায়ের শতদ্রুর!

কলকাতায় লিওনেল মেসির ইভেন্টে বিশৃঙ্খলা ও নিয়মভঙ্গের অভিযোগে এবার আইনি পদক্ষেপ নিলেন অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্ত। সংরক্ষিত এলাকায় অবৈধ প্রবেশ এবং ইভেন্টের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে তিনি কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুঁই বিশ্বাসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। পাঠানো আইনি নোটিসে আগামী ১৫ দিনের মধ্যে জুঁই বিশ্বাসকে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বিষয়টি আদালতে গড়াবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ওই হাই-প্রোফাইল অনুষ্ঠানে জুঁই বিশ্বাসকে আমন্ত্রণ জানানো হয়নি। তা সত্ত্বেও তিনি সমস্ত নিরাপত্তা বলয় ভেঙে সংরক্ষিত এলাকায় প্রবেশ করেন এবং মেসির সঙ্গে ছবি তোলেন। ওই সময় তৎকালীন ক্রীড়ামন্ত্রীর প্রভাবেই তিনি নিরাপত্তা বিধি লঙ্ঘন করতে পেরেছিলেন বলে পরবর্তীকালে নিজেই স্বীকার করেছিলেন। এই ঘটনার জেরে আয়োজক শতদ্রু দত্তকে ৩৮ দিন জেল হেফাজতে থাকতে হয়েছিল। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই মানহানি মামলার মাধ্যমে আয়োজক মেগা ইভেন্টগুলোতে ভিভিআইপি সংস্কৃতির অপব্যবহার ও নিরাপত্তা বলয় ভাঙার বিরুদ্ধে কড়া বার্তা দিতে চাইছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *