ভয়ংকর এল নিনোর দোরগোড়ায় বিশ্ব, ধ্বংসের মুখে কৃষি ও অর্থনীতি!
ভারতে এল নিনো পরিস্থিতির প্রভাবে দেশের অর্থনীতি ও কৃষিব্যবস্থায় বড় ধরনের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। রাষ্ট্রসংঘের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন থেকে অগাস্ট মাসের মধ্যে এল নিনো তৈরির সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ, যা ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা ৯০ শতাংশেরও বেশি। আবহাওয়ার এই পরিবর্তন কেবল কৃষিক্ষেত্র নয়, বরং জনস্বাস্থ্য ও মুদ্রাস্ফীতির ওপরও গভীর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
স্বল্প বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় ধান ও গমসহ বিভিন্ন ফসলের ফলন ব্যাপকভাবে হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে, যা ভারতের মতো কৃষিনির্ভর দেশের বাজারে খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে দিতে পারে। পাশাপাশি, ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাওয়া ও সেচ সংকট কৃষিকাজের খরচ বাড়িয়ে জনজীবনে চরম আর্থিক চাপ সৃষ্টি করবে। একই সঙ্গে, এল নিনোর ফলে সৃষ্ট দীর্ঘস্থায়ী উষ্ণতা এবং তীব্র জলসংকট ডেঙ্গি ও ম্যালেরিয়ার মতো রোগের প্রাদুর্ভাব বাড়িয়ে জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলবে, যার প্রভাব শিশু, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর সবচেয়ে বেশি পড়বে বলে রাষ্ট্রসংঘ আশঙ্কা প্রকাশ করেছে।