অভিষেকের কণ্ঠের নমুনা চাই! কালীঘাটের বাড়িতে হাজির সিআইডি

‘ডিজে’ বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু করল রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি। আদালতের অনুমতি পাওয়ার পর বুধবার রাতে কলকাতার কালীঘাটে সাংসদের বাসভবনে গিয়ে তদন্তকারীরা নোটিস প্রদান করেন। আগামী ৩০ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সংক্রান্ত কাজে তলব করা হয়েছে। বুধবার রাত ৯টার পর সিআইডির একটি প্রতিনিধি দল সাংসদের বাড়িতে গিয়ে আদালতের নির্দেশের কপি পৌঁছে দেয়।

গত বিধানসভা নির্বাচনের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত। জনসভায় করা তাঁর মন্তব্যের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ তুলে বাগুইআটির এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করেছিলেন। পরবর্তীতে মামলাটি সিআইডির হাতে ন্যস্ত করা হয়। তদন্তের স্বার্থে অডিও ও ভিডিওর সত্যতা যাচাইয়ের জন্য কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানিয়েছিল সিআইডি, যা মঙ্গলবার বিধাননগর ম্যাজিস্ট্রেট আদালতে মঞ্জুর হয়েছে। এর আগে এই মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ জুন এই ভয়েস টেস্টের দিন ধার্য করা হলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই হাজিরা দেবেন কি না তা এখনও নিশ্চিত নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *