৫০ লক্ষ টাকা তোলাবাজির চাপ, বিজেপি কর্মীদের অত্যাচারে আত্মঘাতী তৃণমূল নেতা!
পূর্ব বর্ধমানে তোলাবাজি ও খুনের হুমকির শিকার তৃণমূল নেতা, ধৃত ৩
বর্ধমান: পঞ্চাশ লক্ষ টাকা তোলাবাজি এবং পরিবারকে খুনের হুমকির মুখে পড়ে বিষপান করে আত্মঘাতী হলেন পূর্ব বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির দু’বারের কর্মাধ্যক্ষ স্বরূপ রানা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত স্বরূপ রানার ভাই শ্যামল রানার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ কানাইলাল খাঁ, লক্ষ্মীরাম হাঁসদা ও শ্যামল হাজরাকে হেফাজতে নিয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২১ জুন স্বরূপ রানার বাড়িতে চড়াও হয়ে তাঁর স্ত্রী ও নাবালিকা কন্যাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরদিন ২২ জুন তাঁকে একটি আড়তে ডেকে নিয়ে ফের মারধর করা হয় এবং ৫০ লক্ষ টাকা তোলা দাবি করা হয়। এই চাপ সহ্য করতে না পেরে ২৩ জুন বিষপান করেন ওই নেতা। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ধৃতদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, তোলাবাজি, হুমকি ও মারধরের ধারায় ভারতীয় ন্যায় সংহিতার অধীনে মামলা রুজু করা হয়েছে এবং তাঁদের আদালতে তোলা হয়েছে।