অপমানিত হয়ে ইস্তফা, চুঁচুড়ায় তৃণমূলের অন্দরে শোরগোল!
পদত্যাগ করলেন চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান
রাজনৈতিক অস্থিরতার মাঝে বড়সড় পরিবর্তনের সাক্ষী থাকল হুগলির চুঁচুড়া পুরসভা। বৃহস্পতিবার পুরসভার বোর্ড মিটিং চলাকালীন পদত্যাগপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান সৌমিত্র ঘোষ এবং ভাইস চেয়ারম্যান পার্থ সাহা। তাঁদের এই ইস্তফাপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সদর মহকুমাশাসকের কাছেও পাঠানো হয়েছে। পদত্যাগের কারণ হিসেবে তাঁরা জানিয়েছেন, পদে থেকে যথাযথভাবে কাজ করতে না পারা এবং ক্রমাগত অপমান সহ্য করতে না পারার কথা।
উল্লেখ্য, সম্প্রতি বেআইনি রাস্তা অবরোধ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এই দুই নেতা। জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই তাঁদের ওপর রাজনৈতিক চাপ তৈরি হয়েছিল। ২০২২ সালের পুরভোটে তৃণমূলের জয়ের পর অমিত রায়কে সরিয়ে মাত্র ছয় মাস আগে সৌমিত্র ঘোষকে চেয়ারম্যান পদে বসানো হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে এই দুই শীর্ষ নেতার পদত্যাগ চুঁচুড়া তৃণমূলের অন্দরে বড় ধরনের ভাঙনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।