ম্যাঙ্গালোরে শাহরুখের রাজকীয় এন্ট্রি, নাচ দেখে উত্তাল নেটপাড়া!
ম্যাঙ্গালোরে রোহান কর্পোরেশনের আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের জনপ্রিয় গানের তালে পারফর্ম করে মঞ্চ মাতালেন বলিউড তারকা শাহরুখ খান। অনুষ্ঠানে ‘ঝুমে জো পাঠান’ এবং ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-র মতো আইকনিক গানে তাঁর নাচের একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভক্তদের বিশেষ অনুরোধে মঞ্চে এই পারফরম্যান্স করেন তিনি, যা তাঁর সঙ্গে অনুরাগীদের নিবিড় সম্পর্কের বিষয়টি আরও একবার সামনে এনেছে।
এর আগে গত বৃহস্পতিবার ম্যাঙ্গালোর বিমানবন্দরে পৌঁছালে শাহরুখ খানকে একঝলক দেখতে হাজার হাজার মানুষের ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের পাশাপাশি মোতায়েন করা হয় অতিরিক্ত কর্মী। বিমানবন্দরের এই অভূতপূর্ব জনসমাগম এবং তারকার প্রতি অনুরাগীদের আবেগপূর্ণ অভ্যর্থনা আবারও প্রমাণ করল ভারতীয় জনমানসে তাঁর গভীর প্রভাব।
এদিকে ধারাবাহিকভাবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সমাজমাধ্যমে প্রচারিত ভিডিওগুলি শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’-এর জন্য ইতিবাচক আবহ তৈরি করছে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায় ও দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিটি চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পাবে। বিনোদন জগতের বিশ্লেষকদের মতে, মুক্তির আগে তৈরি হওয়া এই জনজোয়ার বক্স অফিসে ছবির ব্যবসায়িক সাফল্যে বড় প্রভাব ফেলতে পারে।