নাকাশিপাড়ায় জমি দখল ও গাছ পাচার, অভিষেকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা!

নদিয়ার ১১০০ বিঘা সরকারি খাস জমি দখল, মাটির অবৈধ খনন ও মূল্যবান গাছ পাচারের অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ ১২ জনের বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা আদালতে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার এই মামলাটি গ্রহণ করেছেন কৃষ্ণনগরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) তরুণ কুমার মণ্ডল। আদালত নাকাশিপাড়া থানার পুলিশকে আগামী ২৭ জুনের মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৭ জুলাই।

মামলাকারী পক্ষের অভিযোগ, নাকাশিপাড়ার ২৪ নম্বর মৌজায় ১২ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত ওই জমির লিজ ২০২০ সালে শেষ হওয়ার পর থেকেই সেখানে বেআইনি কর্মকাণ্ড শুরু হয়। অভিযোগের ভিত্তিতে প্রায় সাড়ে ৪০০ বিঘা জমির মাটি খনন করে বিক্রি, হাজার হাজার সেগুন ও মেহগনি গাছ পাচার এবং স্থানীয় আদিবাসী পরিবারদের উচ্ছেদের জন্য অত্যাচার ও হুমকির ঘটনা ঘটেছে। আইনজীবী শীর্ষেন্দু দাসের দাবি, এই দুর্নীতির পেছনে প্রভাবশালী মদত রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করেই অভিযুক্তরা এসব অপরাধ সংঘটিত করেছে। মামলার অভিযুক্তদের তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও শাহজাহান শেখ, বিদ্যুৎ সরকার ও সমীর প্রামাণিকসহ মোট ১২ জনের নাম রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *