আধার কার্ড নেই, ৫ বছর জলহীন মালদার বাংরুয়া নয়াটোলা!
June 26, 2026
মালদার হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া নয়াটোলা গ্রামে পাইপলাইন বসানোর পাঁচ বছর পেরিয়ে গেলেও বাড়িগুলোতে পৌঁছায়নি পানীয় জল। প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়ে আধার কার্ডসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হলেও বাস্তবে মেলেনি কোনো সংযোগ। এই দীর্ঘ বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ক্ষুব্ধ গ্রামবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
দীর্ঘদিন ধরে পরিস্রুত পানীয় জল না মেলায় বাসিন্দারা বাধ্য হয়ে এলাকার অগভীর নলকূপের আর্সেনিক ও আয়রনযুক্ত জল পান করছেন, যার ফলে শিশু থেকে বৃদ্ধ—অনেকেই পেটের রোগসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। এ বিষয়ে একাধিকবার ব্লক প্রশাসন ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে (PHE) জানিয়েও কোনো সুরাহা না মেলায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। অবিলম্বে পানীয় জল প্রকল্প চালু না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।