ডেনমার্কে কি নিষিদ্ধ হতে চলেছে আজান!
ডেনমার্কের নিজস্ব সাংস্কৃতিক স্বকীয়তা বজায় রাখা ও জনজীবনে ইসলামিক রীতিনীতির প্রভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে দেশজুড়ে আজান নিষিদ্ধ করার পরিকল্পনা করছে দেশটির সরকার। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেনমার্কের ঐতিহ্য ও পরিবেশ ধরে রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। দেশটির মন্ত্রী মর্টেন বোডস্কোভের দাবি, ডেনমার্কের প্রতিটি নাগরিকের কাছে আজানের আওয়াজ পৌঁছানোর কোনো প্রয়োজন নেই এবং রাষ্ট্রকে তার নিজস্ব পরিচয়ে টিকিয়ে রাখাই এই পরিকল্পনার লক্ষ্য।
এর আগে ২০২০ ও ২০২৫ সালে আজান বন্ধের উদ্যোগ নেওয়া হলেও তা পার্লামেন্ট পর্যন্ত গড়ায়নি। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে হিজাব নিষিদ্ধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নামাজ পড়ার কক্ষের ব্যবস্থা বন্ধ করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে ডেনমার্কের মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশ মুসলিম। এই নিষেধাজ্ঞা কার্যকর হলে তা নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার খর্ব করবে কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সরকার সম্ভাব্য আইনি জটিলতা এড়াতে বর্তমান পরিকল্পনাটির আইনি দিকগুলো গভীরভাবে পর্যালোচনা করছে।