মাত্র ৯ বছরেই ঋতুস্রাব! কেন কমছে মেয়েদের বয়ঃসন্ধির বয়স?
সাম্প্রতিক সময়ে মেয়েদের ঋতুস্রাব বা পিরিয়ড শুরুর স্বাভাবিক বয়সে উদ্বেগজনক পরিবর্তন লক্ষ্য করছেন চিকিৎসকরা। একসময় ১১ থেকে ১৩ বছর বয়সে ঋতুস্রাব শুরু হলেও বর্তমানে অনেক মেয়েরই ৮-৯ বছর বয়স বা তার আগেই তা শুরু হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, নির্দিষ্ট বয়সের আগে এই বয়ঃসন্ধি শুরু হওয়া অকাল বয়ঃসন্ধিরই ইঙ্গিত, যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য স্বাভাবিক নয়।
অকাল বয়ঃসন্ধির পেছনে আধুনিক জীবনযাত্রার বিভিন্ন কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শৈশবের স্থূলতা, ফাস্ট ফুড ও চিনিযুক্ত পানীয় গ্রহণ, কায়িক শ্রমের অভাব, অপর্যাপ্ত ঘুম এবং অতিরিক্ত স্ক্রিন টাইম। শরীরে অতিরিক্ত চর্বি জমার ফলে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বৃদ্ধি পাওয়া, প্লাস্টিক ও প্রসাধন সামগ্রীতে থাকা রাসায়নিকের প্রভাব এবং জিনগত কারণও এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। ৮ বছরের আগে হঠাৎ দ্রুত উচ্চতা বৃদ্ধি, ব্রণ, শরীরে গন্ধ কিংবা মেজাজের আকস্মিক পরিবর্তনের মতো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সময়ের আগে বয়ঃসন্ধি শুরু হওয়া শিশুর দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। এতে হাড়ের গ্রোথ প্লেট দ্রুত বন্ধ হয়ে যাওয়ায় শিশুর উচ্চতা কমে যাওয়ার ঝুঁকি থাকে। এছাড়া ভবিষ্যতে স্থূলতা, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS), টাইপ-২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ বিভিন্ন হরমোন-নির্ভর ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়। একই সঙ্গে শারীরিক এই আকস্মিক পরিবর্তনের কারণে শিশুরা মানসিক উদ্বেগ ও আত্মবিশ্বাসের অভাবে ভুগতে পারে। এমন পরিস্থিতিতে অভিভাবকদের সন্তানের সঙ্গে খোলামেলা আলোচনার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত শরীরচর্চায় উৎসাহ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।