মেয়ের ভালোবাসায় যমকেও হার মানালেন বাবা!
কলকাতা: তারাতলায় ভয়াবহ নির্মীয়মাণ গোডাউন ধসে পড়া দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণ রক্ষা পেলেন জগদ্দলের বাসিন্দা ধর্মেন্দ্র চৌধুরী। বুধবার ভোরে ওই গোডাউনে কাজে যাওয়ার কথা থাকলেও পাঁচ বছরের মেয়ের আবদারে শেষ মুহূর্তে তিনি কাজে যাননি। তাঁর বদলে কাজে যাওয়া বন্ধু সন্দীপ পান্ডে বর্তমানে মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, বুধবার ভোরে তারাতলার গোডাউনের ঢালাইয়ের কাজ করার পরিকল্পনা ছিল দিনমজুর ধর্মেন্দ্রর। বেশি উপার্জনের আশায় কাজে যাওয়ার প্রস্তুতি নিলেও মেয়ের জেদের কাছে হার মানেন তিনি। এর কিছু সময় পরই গোডাউনের ছাদ ধসে ১৫ জন শ্রমিকের মৃত্যু হয়। শুক্রবার হাসপাতালে শয্যাশায়ী বন্ধু সন্দীপকে দেখতে গিয়ে ধর্মেন্দ্র জানান, মেয়ের ভালোবাসাই তাঁকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। পুনর্জন্মের সাক্ষী হয়ে এই ঘটনাকে এক প্রকার অলৌকিক বলেই মনে করছেন তিনি।