পুরোনো দিনের স্মৃতিতে ভাসতে মালদার এই মেলায় যাবেন তো?
আধুনিক প্রযুক্তির ভিড়ে হারিয়ে যাওয়া প্রাচীন সামগ্রী ও সোনালি অতীতকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে মালদায় শুরু হয়েছে তিন দিনব্যাপী এক অনন্য প্রদর্শনী। শুক্রবার মালদা জেলা পরিষদের গেস্ট হাউস ‘বিনয় সরকার অতিথি আবাস’-এ এই বিশেষ প্রদর্শনী ও কর্মশালার সূচনা হয়েছে। ইতিহাসপ্রেমী ও সংগ্রাহকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা এই আয়োজনে দেশ-বিদেশের প্রাচীন মুদ্রা, কাগজের নোট, পুরনো দিনের টেলিফোন, টেলিগ্রাফ যন্ত্র, ঐতিহাসিক ডাকটিকিট এবং পোস্টাল স্ট্যাম্প স্থান পেয়েছে।
মালদা শহরের বারলো গার্লস হাই স্কুলের বিপরীতে অবস্থিত এই অতিথি আবাসে আয়োজিত প্রদর্শনীটি আগামী তিন দিন সবার জন্য উন্মুক্ত থাকবে। মালদা টাউন স্টেশন থেকে প্রদর্শনী স্থলটির দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। স্টেশন থেকে টোটো, রিকশা বা ছোট গাড়িতে করে ১০ থেকে ২০ টাকা ভাড়ায় সহজেই এখানে পৌঁছানো সম্ভব। আধুনিক যন্ত্রনির্ভর যুগে এই মূল্যবান সংগ্রহগুলো সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করে তোলাই আয়োজকদের মূল উদ্দেশ্য।