অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় খবর, লিভ-ইনে থাকলেই ২৫ হাজার জরিমানা!
উত্তরাখণ্ড, গুজরাট ও আসামের পর চতুর্থ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আইন কার্যকর হলে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে রাজ্যের সমস্ত নাগরিকের জন্য বিয়ে, বিবাহবিচ্ছেদ, জমি-সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত একক আইনি ব্যবস্থা চালু হবে, যা বর্তমানে প্রচলিত বিভিন্ন ধর্মীয় ব্যক্তিগত আইন বা পার্সোনাল ল’-এর বিলুপ্তি ঘটাবে।
প্রস্তাবিত এই বিধি অনুযায়ী, সব ধর্মের মানুষের জন্য বহুবিবাহ নিষিদ্ধ করার পাশাপাশি বিয়ে ও বিবাহবিচ্ছেদ নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হচ্ছে। আইনটিতে ‘লিভ-ইন’ সম্পর্কের ক্ষেত্রে প্রশাসনিক নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়েছে, যার আওতায় এই ধরনের সম্পর্কে থাকতে চাইলে পুলিশ বা জেলা আধিকারিকদের জানানো আবশ্যিক করা হয়েছে। এছাড়া ২১ বছরের কম বয়সী সঙ্গীদের ক্ষেত্রে বাবা-মায়ের সম্মতির শর্ত রাখা হয়েছে এবং নিয়ম অমান্য করলে ২৫ হাজার টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। পাশাপাশি, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ এবং ছেলেদের ২১ বছর নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে জন্ম নেওয়া সন্তানরা বাবা-মায়ের সম্পত্তির বৈধ উত্তরাধিকারী হিসেবে গণ্য হবে।
নাগরিকদের সমান অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে আনা এই আইনের প্রভাব ও যৌক্তিকতা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সমাজের একাংশ লিভ-ইন সম্পর্ককে প্রশাসনিক নজরদারির আওতায় আনলে তা সংবিধান প্রদত্ত ব্যক্তিগত গোপনীয়তা ও পছন্দের অধিকারের পরিপন্থী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। একইসঙ্গে, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার বিষয়টি নিয়েও বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছে।