রাজ্যে কঠোর আইন, ধর্মান্তরণ ও ‘লভ-জিহাদ’ রুখতে বড় ঘোষণা শুভেন্দুর!
রাজ্যে ধর্মান্তরণ রোধ ও অভিন্ন দেওয়ানি বিধি আনার পরিকল্পনা সরকারের
কলকাতা: রাজ্যে ধর্মান্তরণ রুখতে এবার নজিরবিহীন কঠোর আইন আনতে চলেছে রাজ্য সরকার। শুধু ধর্মান্তরণই নয়, ‘লভ-জিহাদ’ এবং ‘ল্যান্ড-জিহাদ’-এর মতো স্পর্শকাতর বিষয়গুলি কঠোর হাতে দমনের লক্ষ্যে নতুন আইন আনার পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার। শুক্রবার রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই নতুন আইন আনার ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, রাজ্যের বর্তমান পরিস্থিতি ও জনস্বার্থের কথা মাথায় রেখেই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, বিজেপি সরকার ‘অভিন্ন দেওয়ানি বিধি’ (Uniform Civil Code) বা ইউসিসি বিল আকারে রাজ্যের বিধানসভায় পেশ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই জোড়া পদক্ষেপের ঘোষণায় রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। প্রশাসনিক মহলের মতে, রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বেআইনি কার্যকলাপ রুখতেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার এমন কঠোর আইনি পথে হাঁটছে।