ছুটির দিনেও ডিউটি! নবান্নের নয়া নির্দেশে তুঙ্গে বিতর্ক

রাজ্য সরকারের প্রশাসনিক কাজের গতি বাড়াতে শনি, রবি ও অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতেও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের কর্মীদের এখন থেকে রোস্টার বা পালা অনুযায়ী ছুটির দিনেও অফিসে হাজিরা দিতে হবে। দফতরের বিশেষ সচিবের জারি করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উচ্চপদস্থ আধিকারিকদের সরকারি কাজে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই পরিবর্তনের ফলে ছুটির দিনেও জরুরি ফাইল বা গুরুত্বপূর্ণ কাজে কোনো ব্যাঘাত ঘটবে না, বরং কাজের ধারা মসৃণ থাকবে। নবান্ন সূত্রে খবর, এই প্রক্রিয়ার পরিধি আগামী দিনে জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিও অফিস পর্যন্ত ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, রাজ্য সরকারের অর্থ দফতর থেকে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৬ জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে পূর্ণদিবস এবং ১ জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে অর্ধদিবস ছুটির অনুমোদন দিয়েছেন রাজ্যপাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *