UCC নিয়ে দুশ্চিন্তা দূর! আদিবাসীদের আশ্বস্ত করে বড় ঘোষণা বিজেপির

অভিন্ন দেওয়ানি বিধির আওতার বাইরে থাকবে আদিবাসী সমাজ, ঘোষণা বিজেপির

কলকাতা: অভিন্ন দেওয়ানি বিধি (UCC) নিয়ে রাজ্যে তৈরি হওয়া বিভ্রান্তি কাটাতে স্পষ্ট অবস্থান নিল বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য জানিয়েছেন, সংবিধানের ৩৬৬(২৫) এবং ৩৪২ অনুচ্ছেদ অনুযায়ী স্বীকৃত তফসিলি জনজাতির সদস্যরা অভিন্ন দেওয়ানি বিধির আওতার বাইরে থাকবেন। ফলে আদিবাসীদের নিজস্ব সামাজিক রীতিনীতি, ঐতিহ্য এবং সাংবিধানিক অধিকার সম্পূর্ণ সুরক্ষিত থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

ইউসিসি কার্যকর করা বিজেপির দীর্ঘদিনের নীতিগত অবস্থান ও নির্বাচনী প্রতিশ্রুতি হলেও, এ বিষয়ে বিরোধীদের তোলা অভিযোগকে ভিত্তিহীন বলে খারিজ করেছেন শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, ব্যক্তিগত আইনের বৈষম্য দূর করা এবং সব নাগরিকের জন্য সমান আইনি কাঠামো তৈরি করাই এই আইনের মূল লক্ষ্য। এই আইনের সঙ্গে পরিবার পরিকল্পনা বা সন্তানসংখ্যা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্ট করেন। বিজেপির দাবি, সমান নাগরিক আইন প্রতিষ্ঠার পাশাপাশি আদিবাসীদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *