বাংলার ১২ পণ্যের বিশ্বজয়, বাংলার গর্ব এখন বিশ্বমঞ্চে!

ভারতের জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) ওয়েবসাইটের তালিকায় যুক্ত হলো পশ্চিমবঙ্গের ১২টি ঐতিহ্যবাহী পণ্য। শুক্রবার এই চূড়ান্ত ঘোষণার মাধ্যমে বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও নিজস্ব শিল্পকলা আন্তর্জাতিক পরিমণ্ডলে আইনি স্বীকৃতি ও সুরক্ষা লাভ করল। সরকারিভাবে জিআই তকমা পাওয়া পণ্যগুলোর তালিকায় রয়েছে হুগলির চন্দননগরের জলভরা, জনাইয়ের মনোহরা, বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা সন্দেশ এবং পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের বাবরশা মিষ্টি। পাশাপাশি হস্তশিল্প ও লোকসংস্কৃতির নিরিখে বীরভূমের শান্তিনিকেতনের বাটিক ও একতারা, বাঁকুড়ার বেলিয়াতোড়ের শাঁখা শিল্প, বিক্রমপুরের বেঙ্গল সিঙ্গিং বোল, হুগলির বলাগড়ের নৌকা, কলকাতার কলকাত্তি গয়না, পুরুলিয়ার লাক্ষা, মুর্শিদাবাদের সিল্ক, মালদহের আশাপুরের বেগুন এবং পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়েছে।

পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস চেয়ার প্রফেসর পিনাকী ঘোষ ও তাঁর গবেষক দলের প্রচেষ্টায় এই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট গবেষকদের মতে, জিআই ট্যাগের ফলে পণ্যগুলোর ভৌগোলিক উৎস আইনি সুরক্ষা পাওয়ার পাশাপাশি জাল কিংবা ভেজালের ঝুঁকি কমবে। আন্তর্জাতিক বাজারে এই পণ্যগুলোর গ্রহণযোগ্যতা বৃদ্ধির মাধ্যমে স্থানীয় কারিগরদের অর্থনৈতিক উন্নয়ন ও বাজার সম্প্রসারণ সম্ভব হবে। উল্লেখ্য, মালদহের নবাবগঞ্জের বেগুন ও শান্তিনিকেতনের আলপনার মতো আরও বেশ কিছু পণ্যের আবেদন বর্তমানে বিবেচনাধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *