১১ বছরের শিশুকে কড়িকাঠে উল্টো ঝুলিয়ে অমানুষিক নির্যাতন, জয়নগরে শোরগোল!

খেলার ছলে গায়ে লাঠি লাগার ‘অপরাধে’ নাবালককে কড়িকাঠে ঝুলিয়ে নৃশংস নির্যাতন, জয়নগরে শোরগোল

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের পূর্ব চন্দনেশ্বর গ্রামে ১১ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক ছাত্রকে গাছে বাঁধার নাম করে কড়িকাঠে উল্টো ঝুলিয়ে মারধরের অভিযোগ উঠেছে। খেলার সময় ভুলবশত স্থানীয় বাসিন্দা তপন হালদারের গায়ে লাঠি লাগাকে কেন্দ্র করে এই পৈশাচিক ঘটনাটি ঘটে। অভিযোগ, অভিযুক্ত শিশুটিকে চুলের মুঠি ধরে নিজের বাড়িতে নিয়ে গিয়ে পা দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে এবং তার পোশাকও খুলে নেওয়া হয়। ঘটনার সময় উপস্থিত কয়েকজন সেই দৃশ্য মোবাইলে রেকর্ড করে রাখে এবং কাউকে বললে শিশুটিকে আরও ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়।

আঘাত গুরুতর হওয়ায় ভুক্তভোগী শিশুকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে কিছুটা সুস্থ হলেও শারীরিক যন্ত্রণার কারণে স্কুলে যেতে পারছে না। পরিবারের অভিযোগের ভিত্তিতে জয়নগর থানায় মামলা দায়ের হলেও অভিযুক্ত পলাতক। এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার সুপার অরবিন্দ কুমার আনন্দ জানিয়েছেন, অভিযোগ দায়ের হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। ঘটনার পর থেকেই অভিযুক্তের বাড়িতে তালা ঝুলছে বলে স্থানীয় সূত্রে খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *