রাম মন্দিরের দান চুরিতে তোলপাড়, যোগী সরকারকে কড়া নিশানা প্রিয়ঙ্কার!
অযোধ্যায় রাম মন্দিরের জন্য সংগৃহীত পবিত্র দানের অর্থ আত্মসাতের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে ‘চরম লজ্জাজনক’ অভিহিত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। তিনি সাধারণ মানুষের আবেগ ও আস্থার অপব্যবহারের অভিযোগ তুলে উত্তরপ্রদেশ সরকারের কাছে ঘটনার স্বচ্ছ তদন্ত ও দায়বদ্ধতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। প্রিয়ঙ্কা গান্ধীর মতে, দেশের সাধারণ মানুষ, গৃহবধূ ও গরিব মানুষের সঞ্চিত অর্থে এই জালিয়াতি সাধারণ মানুষের বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।
গত ৭ জুন রাম মন্দিরের দানের টাকা নয়ছয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর ১৩ জুন উত্তরপ্রদেশ সরকার এ বিষয়ে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে। ২৫ জুন এসআইটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে দায়ের করা এফআইআর-এর সূত্র ধরে এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাদের ২৯ জুন পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখার কথা জানিয়ে যোগী আদিত্যনাথ প্রশাসন দাবি করেছে যে, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকেই রেয়াত করা হবে না।