নিজের মন্ত্রকের প্রকল্প থেকেই কোটি টাকার ভর্তুকি! বড়সড় বিতর্কে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী
কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরীর বিরুদ্ধে নিজের দপ্তরের অধীনে থাকা ন্যাশনাল হর্টিকালচার বোর্ড (NHB)-এর ৯৯ লক্ষ ৩ হাজার টাকা সরকারি ভর্তুকি নেওয়ার অভিযোগ উঠেছে। ‘মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অব হর্টিকালচার’ (MIDH) প্রকল্পের আওতায় বাণিজ্যিক শসা চাষের জন্য মন্ত্রী এই আর্থিক সুবিধা গ্রহণ করেছেন। যেহেতু ন্যাশনাল হর্টিকালচার বোর্ডের সহ-সভাপতি হিসেবে তিনি সংশ্লিষ্ট দপ্তরের ভর্তুকি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তাই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে মন্ত্রী ভগীরথ চৌধুরী জানিয়েছেন, তিনি রাজনীতিতে আসার আগে ২০১৮ সালে মন্ত্রিত্বহীন অবস্থায় এই ভর্তুকির আবেদন করেছিলেন। নিয়ম মেনেই তিনি এই সুবিধা পেয়েছেন বলে দাবি করেছেন তিনি। অন্যদিকে, বিরোধী দলগুলো এই ঘটনায় নৈতিকতার অভাব ও দুর্নীতির অভিযোগ তুলেছে। কংগ্রেস নেতা পবন খেরা, সিপিএম সাংসদ জন ব্রিটনস, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এবং শিবসেনা (ইউবিটি) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীসহ বিভিন্ন বিরোধী দলের নেতারা কেন্দ্রীয় সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।