তৃণমূল নেতাকে দড়িতে বেঁধে রাস্তায় ঘোরালেন গ্রামবাসীরা, চলল ডিম ছুড়ে গণধোলাই!
কোচবিহারের মাথাভাঙার কেদারহাটে বিধানসভা নির্বাচনের সময় স্পিকারের কনভয়ে হামলার ঘটনায় অভিযুক্ত ফজরুল হক নামে এক তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘোরানোর অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। শনিবার দুপুরে দীর্ঘদিন এলাকাছাড়া থাকা ওই নেতাকে ঘুঘুমারি বাজারে দেখতে পেয়েই ক্ষুব্ধ জনতা তাঁকে ঘিরে ধরে মারধর করেন এবং কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরান। অভিযুক্তের ওপর কাঁচা ডিম ছোড়া হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের দাবি, বিধানসভা নির্বাচনের সময় বর্তমান স্পিকার রথীন্দ্রনাথ বসুর কনভয়ে হামলার পাশাপাশি এলাকায় ভোটারদের হুমকি দেওয়া, বিরোধী কর্মীদের ভয় দেখানো, দুর্নীতি এবং সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার সঙ্গে ওই নেতা যুক্ত ছিলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজেপি নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আইন নিজের হাতে না তোলার পরামর্শ দিয়ে ওই নেতাকে উদ্ধার করে তাঁর পরিবারের হাতে তুলে দেন। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।