রাজ্যে আসছে গুন্ডা দমন বিল, সিন্ডিকেট-তোলাবাজিতে জারি কড়া সতর্কতা!
রাজ্যে সিন্ডিকেট রাজ, তোলাবাজি এবং বিভিন্ন সমাজবিরোধী কার্যকলাপ নির্মূল করতে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’ নামে একটি নতুন বিল সোমবার বিধানসভায় পেশ করতে চলেছে রাজ্য সরকার। সাধারণ অপরাধ দমন আইনের মাধ্যমে বর্তমান পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব নয় বলে মনে করে সরকার এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এই আইনের আওতায় তোলাবাজি, জমি দখল, সিন্ডিকেট, অবৈধ বালি ও পাথর কারবার এবং সরকারি সম্পত্তি নষ্টের মতো অপরাধগুলোকে সমাজবিরোধী কার্যকলাপ হিসেবে গণ্য করা হবে।
নতুন এই আইনের মাধ্যমে প্রশাসনকে ব্যাপক ক্ষমতা প্রদান করা হয়েছে। এর আওতায় পুলিশ চার্জশিট ছাড়াই কোনো সমাজবিরোধী বা গ্যাং লিডারকে ১২ মাস পর্যন্ত আটক রাখতে পারবে। এছাড়া ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি চালানো, গাড়ি বাজেয়াপ্ত করা এবং অপরাধীদের জেলা থেকে বহিষ্কারের ক্ষমতা পুলিশের হাতে থাকবে। এই আইনের অধীনে অপরাধগুলো হবে জামিন অযোগ্য। আটক ব্যক্তিদের বিষয়টি পর্যালোচনার জন্য হাইকোর্টের বিচারপতিদের নিয়ে একটি ‘অ্যাডভাইজরি বোর্ড’ গঠন করা হবে, তবে সংশ্লিষ্ট ব্যক্তি আইনজীবী পাওয়ার সীমিত সুযোগ পাবেন। এই বিলের কার্যকারিতা ও অপব্যবহারের সম্ভাবনা নিয়ে ইতিমধ্যে বিরোধীদের মধ্যে উদ্বেগের সুর শোনা যাচ্ছে।