২৪ ঘণ্টার মধ্যেই নজির, নির্মাণ শ্রমিকদের পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তারাতলা গুদাম বিপর্যয়ের পর সমস্ত নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্মাণকাজ বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে আসা হাজার হাজার দিনমজুর শ্রমিকের রুটিরুজি সংকটে পড়ার বিষয়টি সামনে আনেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। বিষয়টি নিয়ে বিধানসভার লবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন তিনি। বিধায়কের সেই মানবিক আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই নির্মাণ শ্রমিকদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
নির্মাণাধীন প্রকল্পের শ্রমিকদের দুর্ভোগের কথা বিবেচনা করে মুখ্যমন্ত্রী কেএমসি কমিশনার এবং পুলিশ কমিশনারকে (সিপি) বিশেষ নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, বড় বিল্ডারদের মাধ্যমেই শ্রমিকদের জন্য বিনামূল্যে খাবার ও প্রয়োজনীয় সব ব্যবস্থার সুযোগ নিশ্চিত করতে হবে। এটি কোনো লিখিত আদেশ নয়, বরং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে নেওয়া সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। সরকারি এই উদ্যোগের ফলে নির্মাণকাজ বন্ধ থাকলেও শ্রমিকদের অনাহারে থাকার ভয় কাটল বলে মনে করছে বিভিন্ন মহল।