বন্ধ ৮০০০ কারখানা ফের সচল, রাজ্যের বড় ঘোষণা!
রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) খাতকে পুনরুজ্জীবিত করতে প্রায় ৮,০০০ বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। শনিবার মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (MCCI)-র এক অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের MSME ও বস্ত্র প্রতিমন্ত্রী অশোক দিন্দা। বর্তমানে রাজ্যে প্রায় ৯০ লক্ষ MSME ইউনিট রয়েছে, যার ওপর ১.৩৫ কোটি মানুষের জীবিকা নির্ভরশীল। এই বন্ধ থাকা কারখানাগুলো সচল করা গেলে রাজ্যে কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
শিল্পায়নের গতি বাড়াতে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে সিঙ্গল-উইন্ডো ক্লিয়ারেন্স ব্যবস্থা চালু, উন্নত সড়ক ও যোগাযোগ পরিকাঠামো নির্মাণ এবং বাজেটে ঘোষিত শিল্প পার্ক ও বিশেষ ক্লাস্টারগুলোর দ্রুত বাস্তবায়ন। এছাড়া স্থানীয় শিল্পের বিকাশ ও বাজার প্রসারে ‘ভোকাল ফর লোকাল’ নীতিতে জোর দেওয়া হবে। প্রতিমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের শিল্পের অনুকূল পরিবেশ দেখে বিভিন্ন বেসরকারি সংস্থা ইতিমধ্যেই বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।