অবশেষে হকারমুক্ত বাজারের গেট, বড় পদক্ষেপ কলকাতা পুরসভার!
কলকাতা শহরে হকার সমস্যা মোকাবিলা ও বাজার এলাকায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে কলকাতা পুরসভা। শনিবার পুর কমিশনার ও প্রশাসক স্মিতা পান্ডের নেতৃত্বে আয়োজিত ‘টাউন ভেন্ডিং কমিটি’র বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী, শহরের প্রতিটি বাজারের প্রবেশ ও প্রস্থানের গেট থেকে অন্তত ৪৫ ফুট এলাকা সম্পূর্ণ হকারমুক্ত রাখতে হবে। এই প্রক্রিয়ায় যেসব হকার জায়গা হারাবেন, তাঁদের একই এলাকার কাছাকাছি পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হবে।
পুরসভা সূত্রে জানানো হয়েছে, শহরের হকারদের প্রকৃত সংখ্যা ও অবস্থান নির্ধারণের জন্য নতুন করে সমীক্ষা চালানো হবে। একইসঙ্গে ‘পিএম স্বনিধি’ প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত পথবিক্রেতারা পান, তা নিশ্চিত করতে আলাদাভাবে আরও একটি সমীক্ষা হবে। দীর্ঘদিনের বিতর্ক মেটাতে শহরজুড়ে নতুন করে ‘ভেন্ডিং’ ও ‘নন-ভেন্ডিং’ জোন চিহ্নিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সাধারণ মানুষের চলাচল সুগম করার পাশাপাশি হকারদের জীবিকার সুরক্ষা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এছাড়া প্রশাসনের তরফে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সব হকার সংগঠনকে নিয়ে নতুন ‘টাউন ভেন্ডিং কমিটি’ গঠনের প্রক্রিয়াও শুরু হতে পারে।