আসছে ইউসিসি ও কঠোর ধর্মান্তর-বিরোধী আইন, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর!
পশ্চিমবঙ্গে ‘লভ জেহাদ’, ‘ল্যান্ড জেহাদ’ এবং জোরপূর্বক ধর্মান্তরকরণ রোধে কড়া আইন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, রাজ্যে দ্রুত অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকর করার বিষয়েও তিনি সবুজ সংকেত দিয়েছেন। রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। প্রস্তাবিত ইউসিসি-র রূপরেখা তৈরির জন্য একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হবে এবং বিল পেশের আগে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হবে। ইতিমধ্যে ‘পশ্চিমবঙ্গ অভিন্ন দেওয়ানি বিধি বিল, ২০২৬’ আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী শঙ্কর ঘোষ।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র এই বিলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সমাজে মেরুকরণ ও সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের অধিকারে আঘাতের আশঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের মতে, ভারত একটি বৈচিত্র্যময় দেশ, তাই একক আইন কার্যকর করার আগে সমস্ত সম্প্রদায়ের সঙ্গে বিস্তারিত আলোচনা ও ঐকমত্য প্রয়োজন। এই প্রেক্ষাপটে সরকারের নেওয়া এই সিদ্ধান্ত আগামী দিনে রাজ্যের রাজনীতির মূল আলোচনার কেন্দ্রে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।