হাওড়ায় ব্যবসায়ীর ওপর লোমহর্ষক হামলা, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন!
হাওড়ার পিলখানায় প্রোমোটার সফিক খান খুনের ঘটনায় তিনজনকে আটক করেছে হাওড়া সিটি পুলিশ। কলকাতার বউবাজার এলাকার বাসিন্দা মহম্মদ বিলাল, মহম্মদ ওয়াকিল ও দিলদার হোসেন নামের এই তিন ব্যক্তিকে মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেনকে পালানো ও লুকিয়ে থাকতে সাহায্য করার অভিযোগে আটক করা হয়েছে। গত বুধবার ভোরে বাড়ির কাছে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকার সময় সফিক খানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। পরিবারের অভিযোগ, তোলাবাজির দাবি না মানার কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশ জানিয়েছে, এই খুনের ঘটনায় সরাসরি জড়িত হারুন খান ও রোহিত হোসেন এলাকার দাগি দুষ্কৃতী হিসেবে পরিচিত। হারুন এর আগেও গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত এবং রোহিত সম্প্রতি জামিনে জেল থেকে বেরিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে পিলখানা এলাকা; স্থানীয়রা জিটি রোডে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বাইকে আগুন ধরিয়ে দেয়। ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত হারুন ও রোহিত এখনও পলাতক, তাদের গ্রেপ্তারে হাওড়া ও কলকাতার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালানো হচ্ছে।