উপত্যকায় বড়সড় অভিযান, ৩ জেলায় সিআইকে-র হানায় কাঁপছে সন্ত্রাসবাদ!
June 28, 2026
সন্ত্রাসবাদে অর্থজোগান ও বেআইনি কার্যকলাপ দমনের লক্ষ্যে জম্মু ও কাশ্মীরের তিনটি জেলায় একযোগে বড়সড় তল্লাশি অভিযান চালাল পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর (সিআইকে) শাখা। শনিবার শ্রীনগর, গান্ডেরবাল এবং অনন্তনাগ জেলার বিভিন্ন স্থানে গোপন তথ্যের ভিত্তিতে এই আকস্মিক হানা দেওয়া হয়। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) আওতায় রুজু হওয়া একটি মামলার তদন্তের অংশ হিসেবেই প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করেছে।
অভিযান চলাকালীন সন্দেহভাজনদের ডেরা থেকে প্রচুর ডিজিটাল সরঞ্জাম বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। উপত্যকায় সন্ত্রাসবাদে মদত জোগাতে কোনো গোপন নেটওয়ার্ক কাজ করছে কি না, তা নিশ্চিত হতেই এই অভিযান চালানো হয়। বর্তমানে বাজেয়াপ্ত ডিজিটাল সরঞ্জামগুলি পরীক্ষা করে সন্ত্রাসবাদে অর্থায়নের সঙ্গে জড়িত বড় কোনো চক্রের হদিস মেলে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।