পরচুলাই কাল হল কেতনের, পুনের হত্যায় ঘনীভূত রহস্য!

পুনের কেতন আগরওয়াল হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে। নিহত কেতনের বাবা বিশাল আগরওয়াল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে দেখা করার পর দাবি করেছেন, বিয়ের আগেই কেতনের হেয়ার প্যাচ বা পরচুলা ব্যবহারের বিষয়টি সিয়া গোয়েলের পরিবারকে জানানো হয়েছিল। সামান্য এই বিষয়টিকে খুনের কারণ হিসেবে মানতে নারাজ তিনি। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রী দ্রুত বিচার ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন এবং ঘটনার তদন্তভার ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) ওপর ন্যস্ত করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, সিয়া গোয়েলের কথিত প্রেমিক চেতন চৌধুরীর সঙ্গে মিলে এই খুনের ছক কষা হয়েছিল। গত ১৮ জুন লোহাগড় দুর্গে বেড়াতে গিয়ে সিয়ার সংকেতে চেতন কেতনকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয় বলে অভিযোগ। একদিকে কেতনের পরিবার বলছে সিয়া নিজে থেকেই ট্রেকে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন, অন্যদিকে সিয়ার মায়ের দাবি, কেতন ও তাঁর মা জোর করে সিয়াকে ট্রেকে নিয়ে যান। এই পরস্পরবিরোধী বয়ান এবং মামলার তদন্তের স্বার্থে সিয়ার ভাই সাহিল গোয়েলের দিকে নজর ঘুরছে পুলিশের। এসআইটি-র তদন্তে এই ত্রিমুখী সম্পর্ক ও হত্যার প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *