রাজ্যে বাণিজ্যিক নির্মাণে বড় নিষেধাজ্ঞা, মিলল রেসিডেন্সিয়ালে স্বস্তি!
গার্ডেনরিচ ও তারাতলার মর্মান্তিক দুর্ঘটনার পর জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কলকাতা ও সংলগ্ন এলাকায় নতুন বাণিজ্যিক ভবন নির্মাণে কড়াকড়ি আরোপ করেছে রাজ্য সরকার। নতুন নির্দেশ অনুযায়ী, কলকাতা, বিধাননগর, রাজারহাট, নিউটাউন, হাওড়া ও পার্শ্ববর্তী এলাকায় ‘জি+৫’ বা ছয় তলা ও তার বেশি উচ্চতার সমস্ত বেসরকারি বাণিজ্যিক ভবনের নির্মাণকাজ আগামী এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। অপরিকল্পিত নির্মাণ রুখতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
নির্মাণকাজের বৈধতা ও গুণমান খতিয়ে দেখতে ১১ সদস্যের একটি বিশেষ অডিট কমিটি গঠন করা হয়েছে। নকশা বা নির্মাণে গুরুতর ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্ট বহুতলের অনুমোদন বাতিল করা হতে পারে, তবে সংশোধনযোগ্য ত্রুটি থাকলে তা সুধরে নেওয়ার সুযোগ দেওয়া হবে। আগামী ১ আগস্ট থেকে শর্তসাপেক্ষে ফের কাজ শুরুর অনুমতি মিলবে। এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে সাধারণ মানুষের ব্যক্তিগত বসতবাড়ি নির্মাণ বা মেরামতির কাজ। অডিট কমিটিকে সাত দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট এবং ৯০ দিনের মধ্যে অগ্নি ও বৈদ্যুতিক সুরক্ষাসহ চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।