উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগের সতর্কতা, ৫ জেলায় জারি রেড অ্যালার্ট!

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় জারি ‘রেড অ্যালার্ট’

কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে আগামী তিন দিন উত্তরবঙ্গের পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার—এই পাঁচ জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ধস এবং নদ-নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সপ্তাহান্তে এই জেলাগুলিতে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির জন্য ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। যেসব এলাকায় বৃষ্টি হবে না, সেখানে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *