শনি-রবিবারও খোলা অফিস! সরকারি কর্মীদের হাজিরার কড়া নির্দেশ নবান্নের
সরকারি কাজ নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে এখন থেকে ছুটির দিনেও রাজ্যের সরকারি কর্মীদের অফিসে হাজিরা দিতে হবে। রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা সপ্তাহান্ত বা ছুটির দিনেও দাপ্তরিক কাজ পরিচালনা করেন। তাঁদের কাজের সুবিধার্থে এবং প্রশাসনিক কাজে গতি বাড়াতে রোস্টার অনুযায়ী ন্যূনতম কর্মী ছুটির দিনেও উপস্থিত থাকবেন। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবের অনুমোদনে বিশেষ সচিব এই নির্দেশিকা জারি করেছেন।
নবান্ন সূত্রে জানা গেছে, এই নির্দেশের প্রভাব রাজ্য প্রশাসনের অন্যান্য স্তরেও পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীতে জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিও স্তরের কর্মীদের ক্ষেত্রেও একই ধরনের নির্দেশিকা জারি হতে পারে। প্রশাসনিক এই কড়াকড়ির পাশাপাশি রাজ্য সরকার আসন্ন ছুটির তালিকাও প্রকাশ করেছে। আগামী ১ জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে অর্ধদিবস এবং ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিন উপলক্ষে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে।