ভুয়ো এসটি সার্টিফিকেটধারীদের জেলযাত্রা নিশ্চিত, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর!
হুল দিবস উপলক্ষে মুকুটমণিপুরের এক অনুষ্ঠানে জঙ্গলমহলের সামগ্রিক উন্নয়নের জন্য ১২০০ কোটি টাকার মেগা বাজেট বরাদ্দের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তিনি রাজ্যে ভুয়ো তফশিলি জাতি ও উপজাতি (এসটি) সার্টিফিকেট ইস্যুর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই জালিয়াতির সঙ্গে যুক্ত প্রদানকারী এবং গ্রহীতা—উভয়কেই আইনের আওতায় এনে জেলে পাঠানো হবে।
উন্নয়নমূলক প্রকল্পের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ জুলাই থেকে ১ কোটি ২০ লক্ষেরও বেশি মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হবে, যার মধ্যে ৫ লক্ষ জনজাতি উপভোক্তা রয়েছেন। এছাড়াও জনজাতি ছাত্রাবাসের পড়ুয়াদের মাসিক খাদ্যভাতা ১৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩৩০০ টাকা করা হয়েছে এবং ‘জয় জোহার’ ভাতাও বৃদ্ধি করা হয়েছে। পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে দুর্গাপুর পর্যন্ত ২০০ কিলোমিটার দীর্ঘ নতুন অর্থনৈতিক করিডোর নির্মাণ এবং জনজাতি গ্রামগুলোতে ‘ধর্তি আবা জনজাতীয় গ্রামীণ উৎকর্ষ অভিযান’, ‘আর্লি ওয়ার্নিং সিস্টেম’ ও ‘পিএম জনমন’ প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।