শিক্ষকদের সরকারি কর্মচারীর মর্যাদা কি এবার সত্যি হবে!
রাজ্যের সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের ‘সরকারি কর্মচারী’ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, শিক্ষকদের এই মর্যাদা প্রদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্যের ক্যাবিনেট। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে শিক্ষকদের চাকরির নিরাপত্তা ও পেশাগত নিশ্চয়তা আরও সুনিশ্চিত হবে।
অন্যান্য রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গের শিক্ষকরা যাতে তাঁদের প্রাপ্য সম্মান ও অধিকার পান, সরকার সেই বিষয়ে কাজ করবে বলে আশ্বস্ত করেছেন শমীক ভট্টাচার্য। তবে এই পরিবর্তনের ফলে শিক্ষকরা আর্থিকভাবে ঠিক কতটা লাভবান হবেন, সে বিষয়ে এখনই সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি। রাজ্য বিজেপির সভাপতির এই মন্তব্যের পর রাজ্যের শিক্ষা মহলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা ও জল্পনা শুরু হয়েছে।