হাসপাতালে ভর্তি জেসমিন ভাসিন, ‘টার্মিনাল আইলাইটিস’ আসলে কতটা ভয়ঙ্কর?
দুবাইয়ে জন্মদিন পালন করতে গিয়ে আকস্মিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেসমিন ভাসিন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ‘টার্মিনাল আইলাইটিস’ নামক অন্ত্রের এক জটিল প্রদাহে আক্রান্ত হয়েছেন। ক্ষুদ্রান্ত্রের শেষ অংশ, যা বৃহদান্ত্রের সঙ্গে যুক্ত এবং ভিটামিন বি১২ ও পিত্ত অ্যাসিড শোষণে ভূমিকা রাখে, সেই অংশে সংক্রমণ বা ক্ষত তৈরি হলে এই রোগের সৃষ্টি হয়।
ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ, অন্ত্রের যক্ষ্মা, অতিরিক্ত ব্যথানাশক ওষুধের ব্যবহার কিংবা অটোইমিউন ডিসঅর্ডারের কারণে টার্মিনাল আইলাইটিস হতে পারে। পেটের ডানদিকের নিচের দিকে তীব্র যন্ত্রণা, ডায়েরিয়া, জ্বর, শারীরিক দুর্বলতা বা মলের সঙ্গে রক্ত পড়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সময়মতো চিকিৎসা না করালে অন্ত্রে আলসার হওয়া কিংবা অন্ত্র ফুটো হয়ে যাওয়ার মতো জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। ওমেগা-৩ যুক্ত খাবার, সহজপাচ্য ডায়েট এবং প্রোবায়োটিক গ্রহণের মাধ্যমে অন্ত্রের স্বাস্থ্য সুরক্ষা রাখা সম্ভব।