জমি দখল থেকে ধর্ষণ, তৃণমূল নেতার গ্রেফতারিতে তোলপাড় হুগলি!
জমি দখল ও ধর্ষণের অভিযোগে হুগলিতে গ্রেফতার তৃণমূল নেতা
শ্রীরামপুর: জমি দখল, তোলাবাজি এবং পার্টি অফিসে ডেকে এক মহিলাকে ধর্ষণের মতো গুরুতর অভিযোগে হুগলির পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সুদর্শন বরকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত নেতার বিরুদ্ধে বিজেপি কর্মীদের ওপর হামলা এবং স্থানীয় কারখানাগুলো থেকে তোলাবাজির দীর্ঘ অভিযোগ ছিল। নিজেকে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চাঁপদানির প্রাক্তন বিধায়ক অরিন্দম গুঁইনের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিতেন তিনি। ঘটনার পর থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মঙ্গলবার ধৃত সুদর্শন বরকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ তাঁর আগের আর্থিক লেনদেন এবং সম্পত্তি সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখছে। এদিকে, চাঁপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিং অভিযোগ করেছেন যে, সুদর্শন বরের বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিষয়ে বারবার নালিশ জানালেও এতদিন পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে অভিযুক্তের গ্রেফতারির পর এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন বিরোধী শিবিরের নেতারা। পুলিশি হেফাজতের আবেদনের বিষয়টি আদালতের নির্দেশের ভিত্তিতে নির্ধারিত হবে।