মোথাবাড়িতে বিচারক হেনস্তা, এনআইএ-র চার্জশিটে বিপাকে ২৩ জন!

বিচারক হেনস্তা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় তদন্তে বড় অগ্রগতি পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার মালদহের মোথাবাড়ি কাণ্ডে আরও দুটি মামলায় বিশেষ এনআইএ আদালতে ২৩ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে ৪টি মামলায় ৩১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল সংস্থাটি। সব মিলিয়ে এখন পর্যন্ত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মোট ৬টি মামলার চার্জশিট জমা দেওয়া হলো।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) আওতায় খুনের চেষ্টা, সরকারি কর্মীর ওপর হামলা, কর্তব্য পালনে বাধা দান এবং বেআইনিভাবে আটকে রাখার মতো কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে। আদালতের তথ্য অনুযায়ী, একটি মামলায় ২২ জন এবং দ্বিতীয়টিতে ১ জন অভিযুক্তের নাম রয়েছে। প্রথম মামলাটির ক্ষেত্রে ৫৪ পাতা এবং দ্বিতীয়টির ক্ষেত্রে ১১ পাতার চার্জশিট জমা দিয়েছে এনআইএ। প্রসঙ্গত, মালদহের কালিয়াচকের মোথাবাড়িতে এসআইআর (SIR) চলাকালীন বিচারকদের আটকে রাখা, তাঁদের গাড়িতে হামলা এবং জাতীয় সড়ক অবরোধের ঘটনার প্রেক্ষিতে এনআইএ মোট ১২টি মামলা দায়ের করে তদন্ত শুরু করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *