সরকারি বাসে ‘ফ্রি’ যাতায়াতের খেসারত, পথে বসছেন বেসরকারি বাস মালিকরা!
কেরলে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা বা ‘প্রিয়দর্শিনী’ প্রকল্প চালুর পর তীব্র যাত্রী সংকটের মুখে পড়েছেন বেসরকারি বাস মালিকরা। সরকারি বাসে অতিরিক্ত যাত্রী সংখ্যার ফলে ব্যবসায় মন্দা ও আয়ের পতন হওয়ায়, প্রতিবাদে আগামী ২০ জুলাই থেকে রাজ্যের সচিবালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য লাগাতার বিক্ষোভের ডাক দিয়েছে ‘প্রাইভেট বাস অপারেটরস ফেডারেশন’। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই প্রকল্প চালুর পর থেকে প্রতিদিন প্রায় ৫ লক্ষ অতিরিক্ত মহিলা যাত্রী সরকারি বাসে যাতায়াত করছেন, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে বেসরকারি বাস পরিষেবায়।
আর্থিক সংকটের কারণে পালক্কাডসহ রাজ্যের বিভিন্ন এলাকায় বেসরকারি বাস কর্মীদের বেতন কমিয়ে দৈনিক ৬০০ টাকায় নামিয়ে আনা হয়েছে, যার জেরে চালক ও কন্ডাক্টররা পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। পরিস্থিতির গুরুত্ব স্বীকার করে রাজ্যের পরিবহন মন্ত্রী সি পি জন জানিয়েছেন, বেসরকারি বাস মালিকদের স্বস্তি দিতে সরকার মোটর ভেহিক্যাল ট্যাক্স ৫৯ শতাংশ কমিয়েছে এবং বাসে বিজ্ঞাপন বা রুট পুনর্বিন্যাসের মাধ্যমে আয় বৃদ্ধির পরামর্শ দিয়েছে। তবে এই পদক্ষেপের পরেও সরকারি ও বেসরকারি পরিবহনের এই সংঘাত অব্যাহত রয়েছে।